শিক্ষা হল জ্ঞানলাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া এবং ব্যক্তির সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। শিক্ষা প্রক্রিয়ায় কোনো ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং তাকে সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সব দক্ষতা প্রয়োজন সেগুলি অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে দক্ষতা বা জ্ঞান অর্জনই হল শিক্ষা। বাংলা শিক্ষা শব্দটি এসেছে ’শাস’ ধাতু থেকে, যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা। অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে লাতিন শব্দ এডুকেয়ার বা এডুকাতুম থেকে, যার অর্থ বের করে আনা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা।সক্রেটিসের ভাষায় “শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ।” এরিস্টটল বলেন “সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা”। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় “শিক্ষা হল তাই, যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না; বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকেও গড়ে তোলে।” শিক্ষা হচ্ছে পরিশীলিত মানুষ তৈরির নাম। মানুষকে সুন্দর ও শোভন করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলায় শিক্ষার মূল উদ্দেশ্য। শিক্ষা জাতির মেরুদন্ড। মানুষের মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। শিক্ষা ছাড়া কোন জাতি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারেনি। সু-শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি সাধন করতে পারে না। তাই জাতিকে উন্নতির স্বর্ণ চূড়ায় পদার্পণ করতে হলে সু-শিক্ষার কোন বিকল্প নাই। এই চিরন্তন সত্য ও বাস্তবতাকে সামনে রেখেই, অর্থবহ ও কল্যাণমুখী শিক্ষার মাধ্যমে প্রতিটা শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদেরকে দেশ প্রেমিক, চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার মহান উদ্দেশ্য নিয়েই গোপালগঞ্জ জেলা অধিনস্ত, বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া সরোয়ার উচ্চ বিদ্যালয় এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতানুগতিক ধারার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সাপেক্ষে শিক্ষার গুনগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি।অতএব আমাদের দক্ষ পরিচালনায়, নিরলস শ্রম, মেধা ও মননে বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া সরোয়ার উচ্চ বিদ্যালয়টি হয়ে উঠুক তথ্যপ্রযুক্তি ও যুগোপযোগী শিক্ষা বিস্তারের নিরাপদ ও সোনালী ভবিষ্যৎ বিনির্মাণের সর্বশ্রেষ্ঠ আদর্শ বিদ্যাপীঠ। বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্যের জন্য সকলের আন্তরিক সমর্থন, পরামর্শ ও সহানুভূতি কামনা করছি। আল্লাহ আমাদের সহায় হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।